মতলবে লকডাউন অমান্য করে প্রতিষ্ঠান খোলার সংবাদে: সাংবাদিককে মারধর

চাঁদপুর মতলব প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় লকডাউন অমান্য করে প্রতিষ্ঠান খোলার সংবাদ প্রকাশ করায় স্থানীয় এক সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে।

জানা যায়, গত ১৭ জুন (বুধবার) উপজেলার নারায়নপুরের সাহেব বাজারে নারায়নপুর আধুনিক হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ভবন মালিকের পরিবারের তিন জনের (কোভিড-১৯) করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে।

এতে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীরের মাধ্যমে বাজারের ইকবাল প্লাজার পুরো ভবনটি ১৪ দিনের জন্য লকডাউন কার্যকরের ঘোষণা করেন।

তবে প্রশাসনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লকডাউনের ৩ দিনের মাথায় ভবনের নারায়নপুর আধুনিক হাসপাতালের পরিচালক মৃত জাহাঙ্গীর আলম পাটয়ারীর ছেলে মোস্তফা কামাল মোহন পাটওয়ারী ২০ জুন (শনিবার) প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালু করেন।

এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মী মোঃ তপছিল হাছান সংবাদ প্রকাশ করলে তাকে মুঠোফোনে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এর জের ধরে ২১ জুন (রোববার) সন্ধ্যায় নারায়নপুর চৌরাস্তার মোড়ে পথিমধ্যে মোহন পাটওয়ারী, মৃত বাচ্চু মিয়ার ছেলে আলা উদ্দিন, রাসেল মোল্লা, জয়নাল মাওলানার ছেলে আল-আমিন সহ কয়েকজন এলোপাতাড়ি লাঠি দিয়ে পিটানো সহ কিল, ঘুসি, লাথির মাধ্যমে মারধর শুরু করে।

আহত সাংবাদিকের ডাক-চিৎকার শুনে এসময় খাদেরগাঁও ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য শেখ ফজলুল করিম (সেলিম), প্যানেল চেয়ারম্যান সহ আসেপাশের লোকজন তাকে প্রাণে রক্ষা করেন।পরবর্তীতে তাকে স্থানীয় ডাক্তার দ্বারা প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনায় ২২ জুন (সোমবার) মতলব দক্ষিণ থানায় জিডি করেন সাংবাদিক তপছিল। জিডি নং-৮৩০।

Comments are closed, but trackbacks and pingbacks are open.