সিরাজগঞ্জে গৃহবধূর চুল কেটে দেয়া সেই আ’লীগ নেতা কারাগারে

IMG
নিবির সাহা, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূর চুল কেটে দেয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আবদুর রশিদকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে আব্দুল রশিদ আত্মসমর্থন করে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ওই ঘটনায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আব্দুর রশিদ আজ সকালে উল্লাপাড়া আমলী আদালতে আত্মসমর্থন করেন।

গত ২৫ নভেম্বর রাতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে ২ ডিসেম্বর উল্লাপাড়া মডেল থানায় ওই আওয়ামী লীগ নেতা ও তার চার সহযোগীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা করেন।

মামলার অপর আসামিরা হলেন- গজাইল গ্রামের মোজাহারের ছেলে মুনসুর (৩৮), বাহের প্রামাণিকের ছেলে আবদুস সালাম (৪৫), নাসির উদ্দিন (৪০) ও শহিদুল ইসলাম (৩২)।

ওই নারীর অভিযোগ, ২৫ নভেম্বর সন্ধ্যায় তিনি তার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য ভাড়ায় চালিত মোটরসাইকেলের খোঁজে বের হন। পথিমধ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ ও তার চার সহযোগী ওই নারীর পথরোধ করেন। এসময় সাইফুল ইসলামের সঙ্গে তাকে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলে চিৎকার শুরু করেন তারা। এতে গ্রামের লোকজন ছুটে এলে তাদের সামনে তাকে বিবস্ত্র করে মারপিট করা হয়। পরে লোকদের সামনে বটি দিয়ে তার মাথার চুল কেটে দেওয়া হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.