- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

অনলাইন ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন গুজবের দল। তারা শুধু শুধু গুজব ছড়ায়। চালের বাজার নিয়ে চক্রান্ত চালিয়ে যাচ্ছে তারা। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বার বার গুজব ছড়াচ্ছে।
তিনি বলেন, দেশে পর্যাপ্ত পেঁয়াজ, চাল ও লবণ মজুত আছে। পেঁয়াজ নিয়ে কিছু করতে না পেরে চালের বাজার নিয়ে চক্রান্ত করেছে, তা না পেরে লবণ নিয়ে গুজব ছড়িয়েছে। সব শেষে সড়ক পরিবহন আইন নিয়েও ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ধর্মঘট ডেকে জনগণকে শাস্তি দেবেন না। নিজেদের শাস্তির ভয়ে জনগণকে শাস্তি দেবেন না। দয়া করে জনগণকে দুর্ভোগে ফেলবেন না আপনারা।
ওবায়দুল কাদের বলেন, পরিবহন মালিকদের সঙ্গে আজ স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। আশা করি, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করবেন বাস শ্রমিকরা। আমরা সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন করেছি। কাউকে জেল-জরিমানা দিতে নয়, শাস্তি দিতে নয়। সড়কে শৃঙ্খলার জন্য সবাইকে আইন মেনে চলতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, টেলিভিশনে দেখলাম পরিবহন শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে তারা যে কর্মবিরতি পালন করছেন, সেখানেও নতুন সড়ক পরিবহন আইনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে বিএনপি। তাদের উদ্দেশ্য শ্রমিকদের উসকানি দিয়ে এখান থেকে সুযোগ নেয়া।
তিনি বলেন, ফখরুল সাহেব ধীরে আরও ধীরে। শ্রমিকদের উসকানি দিয়ে লাভ হবে না। এসব সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে। কাজেই ষড়যন্ত্র করে কোনো লাভ নেই।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন ইস্যু খুঁজে বেড়ায়। পেঁয়াজের মূল্যবৃদ্ধি। সেখান থেকে ইস্যু। কি লাভ হয়েছে? পেঁয়াজ আমদানি হচ্ছে। কিছুদিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। কিছু লোক দাম বাড়িয়েছে, সিন্ডিকেট করেছে। এই সিন্ডিকেটের পেছনে বিএনপির উসকানি রয়েছে। পেঁয়াজের পর গুজব ছড়ানো হলো লবণ নিয়ে। দেশের প্রয়োজন দেড় লাখ টন। সরকারের কাছেই মজুত আছে ৬ লাখ টন। হঠাৎ করে গতকাল গুজব ছড়ানো হলো লবণ নেই। লবণের সংকট। এরপর জানা গেল সবই গুজব। এসব গুজব তারা ছড়ায়, কারণ গুজবের দল বিএনপি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন গুজবের দল হয়ে গেছে। তারা শুধু গুজব ছড়ায়। চালের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে গুজব ছড়ানো হলো। অথচ আমাদের মজুত আছে ১৪ লাখ টন। যখন আমরা কিছুদিন ধরে ভাবছিলাম উদ্বৃত্ত চাল বিদেশে রফতানি করব। আমরা বাজার খুঁজে বেড়াচ্ছি। সেখানে চালের বাজার অস্থিতিশীল করার জন্য গুজব ছড়িল বিএনপি।
তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ এবং নির্বাচনেও ব্যর্থ হয়েছে বিএনপি। তাদের আছে প্রেস ব্রিফিং, গলাবাজি, মিথ্যাচার, ষড়যন্ত্র আর গুজব। আমরা সব জানি। ষড়যন্ত্র কোথা থেকে আসে তাও জানি। হাওয়া ভবনের যুবরাজ ষড়যন্ত্রের নাটাই ঘোরায়।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি।
এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.