সখীপুরে গরুর শিংয়ের আঘাতে গৃহবধূর মৃত্যু

সখিপুর, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে নিজ ফার্মের গরুর শিংয়ের আঘাতে সালমা বেগম (৩০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সালমা বেগম ওই ওয়ার্ডের রিপন সিকদারের স্ত্রী। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে সালমা বেগম নিজ বাসায় গরুর ফার্মে কাজ করতে গেলে একটি গরু তার উপর চড়াও হয়। এ সময় গরুর শিংয়ের আঘাতে ও গলায় রশি পেঁচিয়ে গুরুতর আহত হলে পরে তাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার এসআই আজিজ বলেন, লাশের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.