৭ ম্যাচ নিষিদ্ধ হচ্ছে নেইমার!

আন্তর্জাতিক

বর্ণবাদের বিরুদ্ধে হয়েছিলেন সোচ্চার। কিন্তু যা ফুটবলে নিয়ম বহির্ভূত। গেল রোববার রাতটা পারলে ভুলে যেতে চাইবেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। মার্শেইয়ের খেলোয়াড় আলভারো গঞ্জালেজকে মাথায় থাপ্পড় মেরে লাল কার্ড দেখেছেন তিনি। কিন্তু বিষয়টি সেখানেই থামেনি। শাস্তি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই শাস্তির মেয়াদ হতে পারে সাত ম্যাচের নিষেধাজ্ঞা!

মার্শেই ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের সঙ্গে ম্যাচের শুরু থেকেই নেইমারের বাকবিতণ্ডা চলছিল। অতিরিক্ত সময়ের শেষদিকে আলভারোর মাথার পেছনে আঘাত করেন ব্রাজিলিয়ান তারকা। ভিএআরের সাহায্য নিয়ে তাকে লাল কার্ড দেখান রেফারি। আরএমসি স্পোর্টসের বরাতে ইংল্যান্ডের সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, মাথায় আঘাত করার কারণে নেইমারকে কমপক্ষে সাত ম্যাচ নিষিদ্ধ করা হতে পারে। বিষয়টি ফরাসি ফুটবল কর্তৃপক্ষ বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। পার্ক দো প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচটিতে নেইমারসহ মোট পাঁচজন লাল কার্ড দেখেছেন।


বাকি চারজন হচ্ছেন পিএসজির লারভিন কুরজাওয়া, লেয়ান্দ্রো পারেদেস ও মার্শেইয়ের জর্দান আমাভি, দারিও বেনেদেত্তো। ম্যাচের পর নেইমার দাবি করেন, আলভারো তার সঙ্গে বর্ণবৈষম্যমূলক আচরণ করেছেন। এছাড়া বেশ কিছু গালিসহ এই স্প্যানিশ ডিফেন্ডার তাকে বানর বলেও ডেকেছে এমন অভিযোগ করেন নেইমার।

টুইটার ও ইন্সটাগ্রামে এই সংক্রান্ত বেশ কয়েকটি পোস্ট দেন পিএসজি ফরোয়ার্ড। এর মাঝে এক পোস্টে আলভারোর মুখে ঘুষি মারতে না পেরে আফসোস করেন ব্রাজিলিয়ান তারকা। অবশ্য আলভারো সব অভিযোগ অস্বীকার করেছেন। নেইমারের বিষয়ে লিগ ওয়ান কর্তৃপক্ষ কি করে সেটাই এখন দেখার।

Comments are closed, but trackbacks and pingbacks are open.