আজ শুরু হচ্ছে জাতীয় দলের করোনা পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

শ্রীলঙ্কা সিরিজের অনুশীলন ক্যাম্প শুরুর আগে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু অতিরিক্ত সতর্কতা হিসেবে তার আগেই একবার ক্রিকেটারদের করোনাভাইরাস পরীক্ষার পরিকল্পনা করেছে বিসিবি। আজ সোমবার (৭ আগস্ট) থেকে শুরু হবে ক্রিকেটারদের করোনা টেস্ট। চলবে দুদিন।

এজন্য অবশ্য ক্রিকেটারদের কোনো হাসপাতালে যেতে হবে না। ক্রিকেটারদের বাসায় গিয়েই নমুনা সংগ্রহ করার ব্যবস্থা করেছে বিসিবি। গতকাল রবিবার সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি বলেছেন, ‘কাল (সোমবার) আর পরশু (মঙ্গলবার) দুদিন প্লেয়ারদের যারা স্কোয়াডে আছে তাদের বাসাই গিয়ে টেস্ট হবে।


এরপর আবার অনুশীলন শুরু হবে। আর ১৮ তারিখে আবার টেস্ট হবে ওটা তো বলাই আছে।’ বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও সংবাদমাধ্যমকে বলেছেন, ‘যারা যারা অনুশীলন করছে বা আসছে তাদেরটা আমরা করে ফেলব। কেননা এখন যেহেতু দেখা যাচ্ছে, এটা (করোনা) বেশি ছড়িয়ে যাচ্ছে। তাছাড়া আমাদের মূল টার্গেট হচ্ছে দুটি। অনূর্ধ্ব -১৯ দল, জাতীয় দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দল। অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প চলছে।


কিন্তু জাতীয় দল ও এইচপি দলের শ্রীলঙ্কা সিরিজ বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া যেহেতু জাতীয় দল ও এইচপি দল এই মাঠে অনুশীলন করবে সেহেতু মাঠের প্রস্তুতিটাও বড় ব্যাপার। সবকিছু বিবেচনা করে সতর্কতার অংশ হিসেবেই এটা করা হচ্ছে।’

Comments are closed, but trackbacks and pingbacks are open.