ভোলায় আগুনে ১০ দোকান পুড়ে ছাই

ভোলার দৌলতখান উপজেলায় ভয়াবহ আগুনে আওয়ামী লীগ অফিসসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সুকদেব স্কুলের মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দেড় কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আড়াইটার দিকে চরখলিফা সুকদেব স্কুলের মোড়ে তামজিদ নামে এক ব্যবসায়ীর চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ‍মুহূর্তে আগুন পাশ থাকা আওয়ামী লীগ অফিসসহ অন্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.