যুদ্ধ চাই না, তবে মোকাবিলার শক্তি যেন অর্জন করতে পারি: প্রধানমন্ত্রী

এস.এম আবাদুর রাজ্জাক

“আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব চাই। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েই আমরা বাংলাদেশকে আর্থ-সামাজিকভাবে উন্নত করতে চাই। কিন্তু যদি কখনো আমরা আক্রান্ত হই, সেটা মোকাবিলা করার মতো শক্তি যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই।”

আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আটটি ইউনিট/সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট-সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুরুতে ৭ পদাতিক ডিভিশনের তিনটি ব্রিগেড ও ৫টি ইউনিটের পতাকা উত্তোলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সরকারপ্রধান।

এরপর প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানানো হয়। অনুষ্ঠানে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা। পরে দেওয়া বক্তব্যে সশস্ত্র বাহিনীকে দেশপ্রেম নিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক। সেভাবেই মানুষের আস্থা অর্জন করেই আপনাদের এগিয়ে যেতে হবে।

শেখ হাসিনা বলেন, সেনাবাহিনীর সদস্য হিসেবে দেশের জন্য কাজ করার লক্ষ্যে সর্বপ্রথম দরকার হচ্ছে পেশাদারিত্ব এবং প্রশিক্ষণ। আর এই পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে।

পবিত্র সংবিধান ও দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক-যেকোনো ধরনের হুমকি মোকাবিলার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। আমরা তৈরি থাকতে চাই, যোগ করেন প্রধানমন্ত্রী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.