ঢাকার খালসমূহ সিটি করপোরেশনকে হস্তান্তরের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরীর খালগুলো উদ্ধার করে দুই পাশে ওয়াকওয়ে ও সবুজ বেষ্টনী নির্মাণ করতে সমঝোতার মাধ্যমে সেগুলো সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

রবিবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীর নাব্য এবং নদীর স্বাভাবিক গতি প্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গঠিত টাস্কফোর্সের তৃতীয় সভায় তিনি এ পরামর্শ দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘খালে কোনো ময়লা ফেলা হবে না, সিটি করপোরেশনকে সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে। ময়লা একটি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং স্থানটি নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।‘

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী সভাপতিত্ব শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দপ্তর-সংস্থা রাস্তাঘাট বারবার খননের ফলে মিরপুরসহ সারা ঢাকা মহানগরীতে নাগরিকদের ভোগান্তি শেষ হচ্ছে না। নাগরিক সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মাঝে সমন্বয় জোরদার করতে হবে।‘

এ সময় নৌপরিবহণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা মহানগরীর খাল উদ্ধার কার্যক্রমের প্রশংসা করে একে গতিশীল করার পরামর্শ দেন শিল্প প্রতিমন্ত্রী। এ বিষয়ে মিরপুরের একজন সংসদ সদস্য হিসেবে তার নিজের পক্ষ হতে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। শিল্প প্রতিমন্ত্রী খালের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খাল দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.