পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার মূল হোতা সাগর আলীকে গ্রেফতার

এস.এম আব্দুর রাজ্জাক
টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার মূল হোতা সাগর আলীকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার বিকেলে ওই উপজেলার ব্রাহ্মণবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাগর আলী ব্রাহ্মণবাড়ি এলাকার মগবর আলীর ছেলে।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও নিহতদের বাড়ির টিভি, মোবাইলসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে মধুপুর সদরের মাস্টারপাড়ায় নিজ বাড়ি থেকে ব্যবসায়ী আব্দুল গণি মিয়া, তার স্ত্রী তাজিরন বেগম, ছেলে তাজেল ও মেয়ে সাদিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই গণি মিয়ার বড় মেয়ে সোনিয়া বেগম হত্যা মামলা দায়ের করেন। শনিবার ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে চারজনকে দাফন করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.